জয়পুরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের গোপিনাথপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী মুমিনা খাতুন এবং তার ৫ বছর বয়সী মেয়ে মিথিলা আক্তার।
ওসি জানান, দুপুরে বগুড়া যাওয়ার পথে ভিকনী এলাকায় এসে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মুমিনা ও তার মেয়ে।
আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24