২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেন ডাকাতি, বগিতে যাত্রীদের আগুন

ময়মনসিংহের গৌরীপুরে একটি লোকাল ট্রেনে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ১০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ময়মনসিংহ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুরে একটি লোকাল ট্রেনে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। ডাকাতি হওয়ার পর ট্রেনের একটি বগি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। ময়মনসিংহ রেল স্টেশানের সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে জারিয়া ঝাঞ্জাইল থেকে ময়মনসিংহগামী ২৭৫ আপ ট্রেনটি ডাকাতের কবলে পড়ে। ওই ট্রেনের গার্ড রোকন উদ্দিন জানান, ট্রেনটি রাত ৯টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন ছাড়ার পরপরই ৮/১০ জন ডাকাত অস্ত্রের মুখে চার নম্বর বগির যাত্রীদের জিম্মি করে। বগিতে থাকা ৬০/৭০জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মহিলাদের গহনসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যায় তারা। ডাকাতির সময় চিৎকার করলে ডাকাতরা ১০ জনকে ছুরিকাঘাত করে। সুপারিনটেনডেন্ট আজাদ জানান, ডাকাতি হওয়ার পর ট্রেনটি রাত ১০টার পর শম্ভুগঞ্জ রেল স্টেশনে পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনের বগিতে বাতি ও নিরাপত্তারক্ষী না থাকায় প্রায়ই এ রেলপথে ডাকাতি হয়। ময়মনসিংহ জিআরপি থানার ওসি দেলোর হোসেন বলছেন, ডাকাতির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১০ ঘ.