রাঙামাটি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হন দু’জন।
বুধবার সকালে রাঙামাটি-বাঘাইছড়ি সড়কে কুতুবছড়ির সতের মাইল এলাকায় এ দুর্ঘটনায় নিহত নিলয় নিশিত চাকমা মুন্না (২২) বাঘাইছড়ি উপজেলার ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেরল চাকমার ছেলে।
আহত কুসুম চাকমা (২৪) এবং কালা রাখাইনকে (২৩) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় বাঘাইছড়ি থেকে মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে নিলয় রাঙামাটি শহরে আসছিলেন। সতের মাইল এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিলয়ের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৯ ঘ.
bdnews24