ঝিনাইদহ, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ে নিজ কক্ষে হাবিবুর রহমানের (৪২) ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার বাড়ি উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।”
তিনি বলেন, বিদ্যালয়ের দুই নারী শিক্ষক ও হাবিবুরসহ তিনজন শিক্ষক রয়েছেন। ওই দুই নারী শিক্ষকের মধ্যে একজন ছুটিতে গেছেন এবং অপরজন মঙ্গলবার স্কুলে যাননি।
প্রতিদিনের মত হাবিবুর সকালে স্কুলে যান এবং দু’টি ক্লাশও নেন। এরপর নিজ কক্ষে গিয়ে দরজা ভেজিয়ে দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন, বলেন পুলিশ কর্মকর্তা।
দুপুর ১২টার দিকে এক ছাত্রী প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে অন্য শিক্ষার্থী ও আশপাশের লোকজন ছুটে আসে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24