২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের রাজারহাটে ১৪৪ ধারা জারি

তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কুড়িগ্রামের রাজারহাটে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কুড়িগ্রামের রাজারহাটে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত মীর ঈসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে। রাজারহাট থানার ওসি ছাদেকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে মীর ঈসমাইল হোসেন ডিগ্রি কলেজ মাঠে মঙ্গলবার মাগরীবের নামাজের পর থেকে তিন দিনব্যাপী তাফসীর মাহফিল আয়োজন করা হয়। এ খবর জানার পর জাকের পার্টি এর প্রতিবাদে মিছিল ও স্বারকলিপি দেয়। জাকের পার্টির অভিযোগ, গত বছর একই মাঠে অনুষ্ঠিত মাহফিলে জাকের পার্টিকে নিয়ে কটুক্তি করা হয়েছিল। তাই তারা এ মাহফিল বন্ধের দাবি জানায়। এরই প্রেক্ষিতে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম বলেন, তাফসীর মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসন এবং জনগণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১২ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৫৮ ঘ.