ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত হওয়ার ছয় দিন পর এক ব্যবসায়ীকে পদ্মার চর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকে।
সোমবার রাতে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউর রহমান (৪৫) নামের ওই ব্যবসায়ীকে উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে চকবাজার থানা পুলিশ।
ওসি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, রেজাউর নাজিমুদ্দিন রোডে নিজের বাসায় একটি কোচিং সেন্টার চালান। এছাড়া গার্মেন্ট পণ্যের ব্যবসাও করেন। গত ১৭ জানুয়ারি মহল্লার এক ‘ছোট ভাইয়ের’ জন্য পাত্রী দেখার কথা বলে দৌলতদিয়ায় নিয়ে গিয়ে তাকে অপহরণ করা হয়। এরপর তার স্বজনদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা।
“রেজাউরের মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে পরিবারের সদস্যদের ১০ লাখ টাকার রফা হয়। তাদের টাকা নিয়ে দৌলতদিয়ায় পদ্মার চরে যেতে বলে অপহরণকারীরা।”
পরিকল্পনা অনুযায়ী, সোমবার রাতে রেজাউরের স্বজনদের সঙ্গে নিয়ে সাদা পোশাকের পুলিশ দৌলতদিয়া এলাকায় যায়। একই সঙ্গে অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাক করা হতে থাকে। এক পর্যায়ে আলম ব্যাপারী (৪৫) ও হযরত ওরফে হজু (৪৪) নামের দুইজনকে ধরে ফেলে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রাত ১১টার দিকে দৌলদিয়া ও পাটুরিয়া ঘাটের মাঝখানের চর থেকে উদ্ধার করা হয় রেজাউরকে।
দুই অপহরণকারীকে গ্রেপ্তারের পরপরই বাকিরা মোবাইল ফোন বন্ধ করে দেয় বলে ওসি মোহাম্মদ আলী জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউর বলেন, “পুলিশ যাওয়ার ১০ মিনিট আগে অপহরণকারীরা আমাকে ফেলে রেখে ট্রলার নিয়ে চলে যায়।”
এতোদিন কোথায় ছিলেন জানাতে চাইলে এই ব্যবসায়ী জানান, হাত-পা ও মুখ বেঁধে তাকে ট্রলারেই ফেলে রাখা হতো। জেলের ছদ্মবেশে ট্রলার নিয়ে নদীতে চলাফেরা করতো অপহরণকারীরা।
অপহরণের ঘটনা বর্ণনা করতে গিয়ে রেজাউর জানান, মাসুদ নামে তার মহল্লার এক যুবক নিজের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে ১৭ জানুয়ারি সকালে তাকে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে একটি ট্রলারে ওঠে। সেখানে আরো কয়েকজন যুবক ছিলো।
“ট্রলার মাঝ নদীতে যাওয়ামাত্র তারা আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে ফোন কর ৫০ লাখ টাকা নিয়ে আসতে বলে। তারা হুমকি দেয়, বাড়ি থেকে টানা না আনলে আমাকে মেরে ফেলবে।”
গ্রেপ্তারকৃত আলম সংবাদ সম্মেলনে বলেন, বদরুল নামের এক জনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে তারা ‘কাজ’ করছিলেন। কিন্তু পুলিশ ফোন ট্র্যাক করে তাদের দুজনকে ধরে ফেলে।
এভাবে এ পর্যন্ত কয়টি অপহরণ করেছেন জানতে চাইলে চুপ করে থাকেন আলম।
ওসি মোহাম্মদ আলী বলেন, “অপহরণকারীর একটি চক্র রয়েছে। ঢাকার বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে কৌশলে তারা চরে নিয়ে যায়। কাক্সিক্ষত টাকা না ফেলে হত্যা করে পদ্মায় লাশ ফেলে দেয় তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৯২৬ ঘ.
bdnews24