রাঙামাটি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের গুলিতে ছাত্র নিহত হওয়ার জেরে রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস ত্যাগ করে চলে গেছে।
এদিকে এ হত্যার প্রতিবাদে সকালে রাঙ্গুনিয়ার লিচুবাগানে ছাত্ররা বিক্ষোভ করেছে। ইনস্টিটিউট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ছাত্র-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিদ কায়সার রায়হান নিহত হন।
সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাদ্দেকুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইনস্টিটিউট বন্ধ থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, সবার সহযোগিতায় অনাকাক্সিক্ষত পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
ইউএনও আরো বলেন, ঘটনার দিন (সোমবার) রাত ১০টার দিকে কাপ্তাই নতুন বাজারে রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে পরিস্থিততি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আকতার শহিদ, পুলিশ সুপার মাসুদ উল হাসান, ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাদ্দেকুল বারী প্রমুখ।
সোমবার সন্ধ্যায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র সাকিলের কাছে বেড়াতে আসা আরাফাত উদ্দিন রনি (২৪) নামের এক যুবককে বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ইউএনও জরিমানা ও শাস্তি করেন।
এ ঘটনা নিয়ে ইনস্টিটিউটের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ছাত্র শাহিদ কায়সার রায়হান গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়হান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া নুরালী বাড়ীর হাজী আবদুল মান্নানের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24