২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমস হাউজে নতুন সফটওয়্যার

চট্টগ্রাম কাস্টমসে অটোমেশন পদ্ধতি সহজ করতে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কাস্টমসে অটোমেশন পদ্ধতি সহজ করতে নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজে ‘অ্যাসাইকুডা ওর্য়াল্ড’ নামের নতুন এ সফটওয়্যার চালু হবে। এতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হচ্ছে। মঙ্গলবার দুপুরে কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে যুগ্ম কমিশনার-১ সৈয়দ মুসফিকুর রহমান এ তথ্য জানান। চট্টগ্রাম কাস্টমসে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক শুল্ক দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এবারই প্রথম সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি সংস্থাকে বিশেষ সম্মাননা দেয়া হবে।” কাস্টমস হাউজের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরের পণ্য খালাসের গেইটগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনা হবে। ‘এ পদ্ধতি পুরোপুরি চালু হলে জাল ছাড়পত্র বা অবৈধভাবে পণ্য খালাসের সুযোগ থাকবে না।’ স¤প্রতি জাল ছাড়পত্রে ১১ কন্টেইনার পণ্য আটকের ঘটনায় জড়িতদের খুুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান মুসফিকুর রহমান। বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক শুল্ক দিবস’ উপলক্ষে শোভাযাত্রা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৯৩১ ঘ.