২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে অচল কর্ণফুলীর ১৬ ঘাট

মজুরি বাড়ানোসহ নয় দফা দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঘাট শ্রমিকরা। ফলে বিভিন্ন ঘাটে আটকা পড়েছে কয়েকটি লাইটারেজ জাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোসহ নয় দফা দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঘাট শ্রমিকরা। ফলে বিভিন্ন ঘাটে আটকা পড়েছে কয়েকটি লাইটারেজ জাহাজ। চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আলমগীর শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। যতদিন দাবি পূরণ না হবে, ততোদিন পর্যন্ত ঘাট ও গুদামে লাইটারেজ জাহাজ থেকে সব ধরনের মালামাল ওঠা-নামা বন্ধ থাকবে।” শ্রমিকরা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে খাদ্যশস্য ও সার ছোট লাইটারেজ জাহাজের মাধ্যমে এসব ঘাটে এনে খালাস করা হয়। তারপর তা বিভিন্ন গুদামে নিয়ে যাওয়া হয়। আলমগীর শরীফ বলেন, কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে প্রতিদিন প্রায় দশ হাজার টন পণ্য খালাস হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকলেও ২০০৫ সালের পর এসব ঘাট শ্রমিকদের বেতন আর বাড়েনি। শ্রমিকদের দাবির মধ্যে আরো আছে- ঘাটগুলোর জেটি, পল্টুন ও সিঁড়ি সংস্কার; প্রতিটি ঘাটে গুদাম মালিক ও ঠিকাদার কর্তৃপক্ষের অধীনে শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা; শ্রমিকদের সাধারণ অসুস্থতা ও দুর্ঘটনাজনিত অসুস্থতায় চিকিৎসার ব্যয়ভার মালিকপক্ষের বহন; কাজের সময় মৃত্যু অথবা দুর্ঘটনায় পঙ্গু হলে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, বুকিং বাতিল করলে শ্রমিকদের ৬০ শতাংশ মজুরি পরিশোধ; ঘাট-গুদাম ছাড়া অন্য কোথাও কাজ করানো হলে শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, শ্রমিকদের নিয়োগপত্র এবং শ্রম আইন অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া এবং দুই বছর পরপর মজুরি কাঠামো সমন্বয় করা। এসব দাবিতে গত ১৯ জানুয়ারি থেকেই ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ। সোমবার বিকেলে নগরীর বাংলাবাজার ঘাটে তিন ঘণ্টা কর্মবিরতি ও শ্রমিক সমাবেশ শেষে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন পরিষদের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২১৪ ঘ.