চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের মামলায় যুদ্ধাপারাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৪ ফেব্র“য়ারি।
এই মামলার অভিযোগপত্রভুক্ত সাত আসামিকে অব্যাহতি দিয়ে সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এই দিন ঠিক করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা সৃষ্টি ও সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
আদালত শুনানির দিন সালাউদ্দিন কাদেরকে হাজির করানোর নির্দেশও দিয়েছে।
২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সালাউদ্দিন কাদেরের অনুসারীরা একটি লরি, একটি কভার্ড ভ্যান ও একটি ট্রাকে ভাংচুর চালায়।
পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করে।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘কথিত’ হয়রানির প্রতিবাদে তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশের দাবি।
এই ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরির্শক গোলাম ফারুক ভূইয়া বাদি হয়ে পরদিন বাদি হয়ে একটি মামলা করে।
সালাউদ্দিনের নির্দেশে এ ভাংচুর চালানো হয় অভিযোগ করে তাকেও এ মামলার অভিযোগপত্রে আসামি করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১১৫ ঘ.
bdnews24