২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধদের স্বল্প সময়ে বৈধ লাইসেন্স দিন: কাঞ্চন

অবৈধ লাইসেন্সধারী চালকদের স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন ইলিয়াস কাঞ্চন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ লাইসেন্সধারী চালকদের স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন ইলিয়াস কাঞ্চন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সুপারিশ বিষয়ে বলেন “আমার মনে হয় ভাল প্রস্তাব, বিবেচনা করা যেতে পারে।” সোমবার বিআরটিএ প্রধান কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়। আলোচনার শুরুতে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, “চালকদের ভুয়া লাইসেন্স জমা দিয়ে স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স দেওয়া উচিৎ।” এর যুক্তি হিসাবে তিনি বলেন, “পরিবহন খাতে নতুন চালক তৈরি করা সময় সাপেক্ষ। অবৈধ লাইসেন্সধারী চালকদের সহজেই প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্সধারাী চালকে পরিণত করা সম্ভব।” পরে এ সুপারিশ বাস্তবায়নে জন্য ট্রাক মালিক সমিতি সভাপতি রুস্তম আলী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী পরিবহন শ্রমিক নেতা মোতাহার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহসহ অন্যান্য নেতারা যোগাযোগমন্ত্রীকে অনুরোধ করেন। এক পর্যায়ে বিআরটিএ চেয়ারম্যান আইয়ূবুর রহমান খান এ বিষয়ে সুপারিশ করলে যোগাযোগমন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সড়ক পরিবহন সমিতি মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভুয়া লাইসেন্সধারী অপবাদ থেকে আমরা বাঁচতে চাই, এজন্য ইলিয়াস কাঞ্চনের প্রস্তাব বিবেচনা করা উচিৎ। বিআরটিএ চেয়ারম্যান বলেন, বর্তমানে প্রায় ৫ লাখ চালক অবৈধ লাইসেন্স নিয়ে কাজ করে যাচ্ছে। এদের মূল ধারায় বাইরে নিয়ে গিয়ে পরিবহন খাত চালানো সম্ভব হবে না মন্তব্য করে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স দেওয়ার পক্ষে মত দেন তিনি। যোগাযোগমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার ৫০ দিন হয়ে গেলেও যানজট নিরসনে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারিনি। যানজটে আমার গাড়ি আটকে থাকে, আশেপাশের লোকজন হেসে বলে যোগাযোগমন্ত্রীর গাড়ি আটকে আছে।” বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, “যানজট নিরসনে হকার উচ্ছেদসহ কিছু নির্মম সিদ্ধান্ত নেওয়া উচিৎ। এছাড়া বিআরটিএকে আরো সচল করতে হবে। ” তিনি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। গতবছর অবৈধ লাইসেন্সবিরোধৗ আন্দোলনের মধ্যেই রাজধানীতে তার সংগঠনের এক সমাবেশে ইলিয়াস কাঞ্চনের প্রতিকৃতিতে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটে। এ জন্যে পরে মন্ত্রী দুঃখও প্রকাশ করেন। গত অগাস্টে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর অবৈধ লাইসেন্সের বিষয়টি নিয়ে সর্বস্তরে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। ভুয়া লাইসেন্স বাতিলের দাবিতে এক সাংসদ অনশনের হুমকিও দেন। শাজাহান খান বিপুল সংখ্যক অবৈধ লাইসেন্স দিতে তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ওপর চাপ সৃষ্টি করেন বলে সেসময় গণমাধ্যমে খবর প্রকাশ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৪৪ ঘ.