ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ২০০ বছরের পুরনো একটি পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়ার ওপর তিন মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত একইসঙ্গে ওই পুকুর সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং পুকুর ভরাটের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে।
তিন সপ্তাহের মধ্যে বরিশাল সিটি মেয়র, স্থানীয় সরকার সচিব, বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় কমিশনার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক ও সদর থানার ওসিকে ঊভয় রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই পুকুর ভরাট নিয়ে গত ৭ ও ১৭ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ ও প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ হলে তার ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বরিশালের আদালতপাড়ার মধ্যে প্রায় ২০০ বছরের পুরোনো পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ। এর মধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে।
আদালতপাড়ার পাশেই একটি গির্জা দাবি করে আসছে, পুকুরটি সরকারি সম্পত্তি নয়, তাদের।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “পরিবেশ আইন ও জলাধার আইন অনুসারে এ ধরনের পুকুর ভরাট করা নিষিদ্ধ। এরপরও গণপূর্ত অধিদপ্তর আইন লঙ্ঘন করে পুকুরের জায়গায় ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এটা অবৈধ ও বেআইনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০০০ ঘ.
bdnews24