২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষিত কিশোরীকে ৩ সন্তানের মা লেখার ঘটনা তদন্তের নির্দেশ

ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে তিন সন্তানের জননী এবং ২৫ বছর বয়সী নারী হিসাবে উল্লেখ করার ঘটনা তদন্ত করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে তিন সন্তানের জননী এবং ২৫ বছর বয়সী নারী হিসাবে উল্লেখ করার ঘটনা তদন্ত করতে বলেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মেয়েটির বিষয়ে ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন প্রস্তুতকারী বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ফরেনসিক বিভাগের চিকিৎসক আক্তারুজ্জামান তালুকদার এবং উজিরপুর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান এবং ঘটনার শিকার মেয়ে আদালতে হাজির হওয়ার পর আদালত এই আদেশ দেয়। গত ১২ জানুয়ারি দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এলে আদালত ওইদিন স্বতঃপ্রণোদিত এক আদেশে চিকিৎসক, পুলিশ কর্তকর্তাকে তলব করেছিল। ১৯ জানুয়ারি আদালতে হাজির হয়ে আক্তারুজ্জামান জানান, ভুলে মেয়েটিকে তিন সন্তানের জননী হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে তার বয়স ২০ এর মতো হবে। এরপর ওই মেয়ে ও তার বাবাকে আদালতে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। আদালতে ডা. আক্তারুজ্জামান বলেন, “আমি নিজেও একজন রোগী। আমার একপাশ প্যারালাইসিসে আক্রান্ত। ভুল হয়ে গেছে, মাফ করে দিন।” তখন আদালত বলে, “আপনি দায়িত্বপূর্ণ পদে থেকে এ ধরনের ভুল করতে পারেন না। মেয়েটিকে এই আদালতের কেউ ২০ বছর বয়সী বলবে? এ বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।” উজিরপুর উপজেলায় গত ১৯ নভেম্বর ওই কিশোরী ধর্ষিত হয়। ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই কিশোরীর ভাই বাদি হয়ে একটি মামলা করলে পরীক্ষার জন্য ওই কিশোরীকে শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। ডা. আক্তারুজ্জামান প্রতিবেদনে জানান, ধর্ষিত তিন সন্তানের জননী, তার বয়স ২৫ বছর। জন্ম নিবন্ধন অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৩ বছর এক মাস বলে জানিয়েছেন বাদি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে চিকিৎসকদের দিয়ে আসামিপক্ষ এমন ঘটনা ঘটিয়েছে। ‘ধর্ষণকারী’ রাব্বি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও বাদির অভিযোগ। মামলার আসামিদের জামিন বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, পুলিশ কর্মকর্তা লুৎফরকে তা জানাতে বলেছে হাইকোর্ট। উপ-পরিদর্শক লুৎফর মামলাটি তদন্ত করছেন। লুৎফর আদালতকে জানান, ওই মামলার মূল আসামি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে চার মাসের জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৫২ ঘ.