ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ডিআইজিসহ পুলিশের ২৯ কর্মকর্তার চাকরিচ্যুতি অবৈধ ঘোষণা করে তাদের পুনর্বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ কয়েকটি রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার এই রায় দেন।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ ও ২০০৩ সালের বিভিন্ন সময়ে এই কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয় বলে রিট আবেদনকারীদের আইনজীবী সালাহউদ্দিন দোলন জানান।
এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, উপমহাপরিদর্শক (ডিআইজি) রুহুল আমিন ও আব্দুল মান্নান, পুলিশ সুপার কাজী আনোয়ার হোসেন, ওয়াশিকুজ্জামান খান, মজিবুর রহমান, আহমেদ জামিল ও শাহ আলম এবং ২২ জন পরিদর্শক ও উপপরিদর্শক।
সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরিচ্যুতির এসব আদেশকে চ্যালেঞ্জ করে ২০০২ সালে একটি, ২০১০ সালে পাঁচটি এবং ২০১১ সালে চারটি রিট আবেদন হয়।
সবগুলো রিট আবেদনে আদালত ওই চাকরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। সবগুলো রুলের চুড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
রায়ের পরে সালাহউদ্দিন দোলন সাংবাদিকদের জানান, চাকরিচ্যুত ২৯ পুলিশ কর্মকর্তার মধ্যে যাদের বয়স ৫৯ বছর হয়নি, তাদেরকে সব সুবিধাসহ চাকরিতে বহালের আদেশ দিয়েছেন আদালত।
যাদের বয়স ৫৯ বছর অতিক্রম করেছে, তাদের বাধ্যতামূলক অবসরের দিন থেকে স্বাভাবিক অবসরের বয়স পর্যন্ত চাকরিরত হিসেবে গণ্য করে সব সুযোগ সুবিধা ও বকেয়া পরিশোধ করতে বলেছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এমআই/১৯৩৮ ঘ.
bdnews24