২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে জরিমানা: ইউএনওর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নীলফামারীতে এক কলেজছাত্রীকে ‘পতিতা’ অভিহিত করে জরিমানা করার ঘটনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে তদন্ত করতে বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে এক কলেজছাত্রীকে ‘পতিতা’ অভিহিত করে জরিমানা করার ঘটনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে তদন্ত করতে বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ২৮ ফেব্র“য়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার শিকার ছাত্রী, তার বাবা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওই ঘটনা নিয়ে প্রতিবেদনকারী সময় টিভি ও দৈনিক সংবাদের প্রতিবেদক, আইন ও সালিশ কেন্দ্রের মতামত নিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। গত ১৬ জানুয়ারি দৈনিক সংবাদে ‘নীলফামারীতে ভালোবাসা অপরাধ! ইউএনওর রায়ে øাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, “প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা ও নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী গত ১১ জানুয়ারি তার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। তার প্রেমিক সুবোধ চন্দ্র রায় দুবাছুড়ি নিু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।” “১৩ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন পুলিশ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। সেখানে ওই তরুণীকে পতিতা আখ্যা দিয়ে ১০০ টাকা জরিমানা করা হয়।” ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ছাত্রী আত্মহননের সিদ্ধান্ত নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ‘সালিশে বিয়ের কথা ওঠে’ আদালত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন, উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও ওই ছাত্রীর বক্তব্য শোনে। আদালতে নাসরীনের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মেহেদি হাসান চৌধুরী, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট অবন্তী নুরুল বক্তব্য দেন। ঘটনার শিকার ছাত্রী আদালতে বলেন, “দুবাছুড়ি নিু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায় আমাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর মধ্যে একদিন তিনি আমাকে ধর্ষণের চেষ্টা করে। ওইদিন আমার চিৎকারে মানুষ আমাকে উদ্ধার করে। পরে এলাকার মানুষ কয়েকদিন সালিশে বসে। সেখানে বিয়ের কথা ওঠে। “এর মধ্যে একদিন ইউএনও এসে আমাকে ও ছেলেকে নিয়ে যান। সেখানে আমাকে বাজারের মেয়ে আখ্যা দিয়ে জরিমানা করেন।” আমিনুর রহমান বলেন, ছেলে আর মেয়ের মধ্যে দীর্ঘকাল প্রেমের সম্পর্ক ছিলো বলে শুনেছি। এ বিষয়ে মানুষ আমাকে ডাকলে আমি কয়েকদিন বিষয়টি নিয়ে বসেছি। সেখানে বলেছি, সালিশ করে তো এটা আমরা মীমাংসা করতে পারব না। বিষয়টি আইনগতভাবে সমাধান করতে হবে। পরে ইউএনও এসে তাদেরকে নিয়ে যায় উল্লেখ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর বলেন, “সেখানে ছেলে-মেয়েকে জরিমানা করেছে বলে লোক মারফত শুনেছি। মেয়েটি খারাপ কাজের সঙ্গে জড়িত অভিযোগে এনে এই জরিমানা করা হয়েছে বলে মানুষ বলাবলি করে।” “তবে ছেলে-মেয়ে উভয়ে ভালো পরিবারের,” যোগ করেন চেয়ারম্যান। কাওসার নাসরীন আদালতকে বলেন, তিনি মোবাইল কোর্টের মাধ্যমে ২৯০ ধারায় তাকে জরিমানা করেছিলেন। তবে তাকে পতিতা বা বাজারের মেয়ে বা এ ধরণের কোনো শব্দ বলেননি। আদালতের ক্ষতিপূরণের প্রস্তাব দণ্ড ও কটূক্তি নিয়ে দীর্ঘক্ষণ শুনানি চলে আদালতে। এক পর্যায়ে নিঃশর্ত ক্ষমা চান ইউএনও। তবে এর বিরোধিতা করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী। এর মধ্যে আদালত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করে উভয় পক্ষের মত জানতে চান। দুপুরের পর মেয়েটির পক্ষ থেকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, এ ঘটনার মাধ্যমে মেয়েটিকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। তার সম্মানহানি ঘটেছে। কোনো ক্ষতিপূরণের মাধ্যমে এটা পূরণ করা সম্ভব নয়। পরে আদালত ইউএনওর বিরুদ্ধে তদন্তের আদেশ দেয়। দৈনিক সংবাদের প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে গত ১৭ জানুয়ারি আদালত স্বতপ্রণোদিত হয়ে ওই ইউএনও, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে তলব করে। একইসঙ্গে ঘটনার শিকার মেয়ে এবং তার বাবাকে নিয়ে আসতে ইউএনওকে বলা হয়। এছাড়া ওই ইউএনও কাউসার নাসরীনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে নীলফামারীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং অভিযুক্ত নির্বাহী কর্মকর্তাকে তার জবাব দিতে বলে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮২৭ ঘ.