২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড-যাবজ্জীবন

ময়মনসিংহের একটি হত্যা মামলায় দুই সহোদরের সাজা হয়েছে। এদের মধ্যে এক জনের মৃত্যুদণ্ড এবং অন্য জনের হয়েছে যাবজ্জীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের একটি হত্যা মামলায় দুই সহোদরের সাজা হয়েছে। এদের মধ্যে এক জনের মৃত্যুদণ্ড এবং অন্য জনের হয়েছে যাবজ্জীবন। সোমবার দুপুরে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সারোয়ার কামাল লিটনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার ভাই জাহাঙ্গীর আলম মঞ্জুরের হয়েছে যাবজ্জীবন। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের সাহাপাড়া গ্রামে। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, অনাদায়ে যাবজ্জীবন প্রাপ্তকে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় নিহতের ছেলে আল আমিন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান। রায়ের বিবরণে বলা হয়, আরিফ ফুলপুর এলাকায় ভাড়ায় মোটর সাইকেলে যাত্রী আনা নেওয়া করতেন। ২০১০ সালের ২৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে তিনি ফুলপুরের আমুয়াকান্দা এলাকা থেকে সারোয়ার ও জাহাঙ্গীরকে যাত্রী হিসেবে তার সাইকেলে তুলেন। তারা পাগলা কডারবাজার এলাকায় পৌঁছালে যাত্রীবেশী এ দুই ভাই মোটর সাইকেলটি ছিনতাইয়ের জন্য আরিফকে ছুরিকাঘাত করে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে আরিফ মারা যান। পরদিন আরিফের ভাই মো. সিদ্দিকুর রহমান ফরাজী ফুলপুর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/১৬৪৫ ঘ.