২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমাফেরত বাস উল্টে নিহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জে একটি বাস উল্টে ইজতেমা থেকে বাড়ির পথে ফেরা অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ১৫ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 04:44 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঝিনাইদহ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জে একটি বাস উল্টে ইজতেমা থেকে বাড়ির পথে ফেরা অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ১৫ জনকে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গী থেকে খুলনার দিঘলিয়ায় যাওয়ার পথে সোমবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। তিনি জানান, ঝিনাইদহ-যশোর সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মুফতি আবু জাফর (৬৫), দিঘলিয়া দিয়ারা মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেন (৪২) এবং নড়াইলের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস (৫০)। ওই বাসের আরোহী খুলনার তেরখাদা উপজেলার কর মাইজখানা গ্রামের বাসিন্দা আশরাফ আলী মোড়ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বরেন, “বিশ্ব ইজতেমা শেষ করে আমরা টঙ্গী থেকে ফিরছিলাম। চালক অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল। ভোরের দিকে হঠাৎ বাস একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের সবাই কম বেশি আঘাত পেয়েছে।” দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের মধ্যে ১৫জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি সৈয়দ কামরুজ্জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.