২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ প্রতিবন্ধী সনদ বাস্তবায়নের আহ্বান

সামাজিক সমতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি এ আহ্বান। দোহা থেকে জানাচ্ছেন নুরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 05:47 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক দোহা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক সমতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ সনদে স্বীকৃত প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ ও দুর্যোগকালীন সময়ে বিশেষ সহায়তা প্রয়োজন- এমন ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় তিন দিনের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান শাফাল্লাহ সেন্টারের চেয়ারম্যান হাসান আলী এ আহ্বান জানান। প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদে প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। কোনো দেশ ওই সনদে স্বাক্ষর ও তা অণুসমর্থন করে থাকলে সে দেশকে প্রতিবন্ধীদের এসব অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১৫৩টি দেশ ওই সনদে স্বাক্ষর এবং তা অণুসমর্থন করেছে। তারপরও বিধি অনুযায়ী প্রতিবন্ধীরা তাদের অধিকার পাচ্ছে না বলে মন্তব্য করেন চেয়ারম্যান। তিনি বলেন, এই সনদ সম্পর্কে সচেতনতা এবং তার বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। “দোহাসহ বিশ্বের প্রধান শহরগুলোর কোনোটির প্রধান সড়ক দিয়ে যদি আপনি হেঁটে যান এবং মানুষকে জিজ্ঞ্যেস করেন, প্রতিবন্ধীদের অধিকার ও আইনি সুরক্ষা নিয়ে জাতিসংঘ সনদের কথা কি আপনি শুনেছেন? অধিকাংশের ক্ষেত্রে জবাব আসবে যে, তারা কোনোদিন তা শোনেনি।” এমনকি শুনে থাকলেও জীবন চালাতে নিয়ত তাদের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলোর তুলনায় এ বিষয়টিকে তারা তেমন গুরুত্ব দেন না বলে মন্তব্য করেন হাসান আলী। “বিশেষত একটি বৈশ্বিক মন্দার মধ্য দিয়ে যাওয়ার কারণে আমাদের কাছে প্রতিবন্ধীদের বিষয় আরো কম গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।” চেয়ারম্যানের এ উদ্বোধনী বক্তব্যের সময় কাতারের আমিরের সহধর্মিনী শেইখা মোজা ও বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বোন শেখ রেহানা এবং মেয়ে ও যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত মনস্তত্ত্ববিদ সায়মা হোসেন পুতুলও এ সময় উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধীদের পরিস্থিতির পরিবর্তনের জন্য বিভিন্ন দেশের সরকার ও গুরুত্ব দায়িত্বে থাকা ব্যক্তিদের এই সনদের ‘প্রকৃত ও অর্থবহ’ বাস্তবায়ন প্রয়োজন। অবশ্য তিনি এ বিষয়টি সবার নজরে আনেন যে, জাতিসংঘ সনদ সঠিকভাবে বাস্তবায়নের জন্য যে ধরনের আর্থিক, মানব সম্পদ ও বিশেষায়িত জ্ঞান প্রয়োজন তা ওই সনদে স্বাক্ষরকারী অনেক দেশেরই নেই। প্রতিবন্ধী ব্যক্তির জন্য সরাসরি অর্থ, সামগ্রী ও প্রয়োজনীয় সেবা বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “তবে এটা শুধু তাদের অর্থ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা তার চেয়ে অনেক বৃহৎ পরিসরের। এটা সমতা নিশ্চিত করা। এটা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় বিভিন্ন সম্পদ ও সেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করা।” এ সময় বিশ্বের বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থানরত প্রতিবন্ধীদের ‘নৈরাশ্য ও বেপরোয়া অবস্থার’ চিত্র তুলে ধরে তিনি বলেন, শরণার্থী শিবিরের প্রতিবন্ধীরাই এখন বিশ্বের ‘সবচেয়ে অবহেলিত ও দুর্দশাগ্রস্ত’ মানুষ। “আমরা সবাই মিলে একশ’ কোটি মানুষের (ওয়ান বিলিয়ন স্ট্রং) জীবনে প্রকৃত পরিবর্তন এনে দিতে পারি।” ওয়ান বিলিয়ন স্ট্রং একটি প্রচারাভিযান যার মাধ্যমে প্রতিবন্ধী ও তাদের অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালানোর পাশাপাশি প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা করা হয়। জাতিসংঘের তথ্য মতে বিশ্বে একশ’ কোটি মানুষ প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের বিষয়কে প্রধান ইস্যুগুলোর মধ্যে আনতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাসান আলী বলেন, “আমার মতে, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সহায়তা ছাড়া তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যাবে না।” ‘সংকট, সংঘর্ষ ও প্রতিবন্ধিত্ব: সমতা নিশ্চিত করা’- এ প্রতিপাদ্য নিয়ে শাফাল্লাহ ফোরাম শিরোনামে প্রতিবন্ধী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাবেশে এ সম্মেলন হচ্ছে। এখানে প্রতিবন্ধীদের নিয়ে সর্বশেষ গবেষণা ও সমীক্ষার ওপর আলোচনা, বর্তমানে বিভিন্ন জায়গায় মোকাবেলার পদ্ধতি মূল্যায়ন এবং এ বিষয়ে তাদের সুদূরপ্রসারী চিন্তা বিনিময়ই লক্ষ্য। প্রতিবন্ধীদের বিষয়ে এটি বিশ্বের শীর্ষ সম্মেলনগুলোর একটি বলে এ সম্মেলনকে মনে করা হচ্ছে। জাপান, হাইতি, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক দুর্যোগে বিশেষ সহায়তা প্রয়োজনীয় মানুষদের সেবা নিয়ে আলোচনার পাশাপাশি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শরণার্থী শিবিরে এসব মানুষের জন্য কী করা হচ্ছে তা এ সম্মেলনে মূল আলোচ্য। সর্বশেষ আদমশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের ১৪ কোটি ২৩ লাখ জনসংখ্যার মধ্যে নয় দশমিক সাত শতাংশ মানুষ কোনো এক ধরনের প্রতিবন্ধিত্বে ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২৩৪৬ ঘ.