নারায়ণগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে ।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান হাবিব (২৮)। তিনি হাবিবপুর গ্রামের বাসিন্দা।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে রিকশাযোগে মোগড়াপাড়া থেকে মাদ্রাসার দিকে যাচ্ছিল হাবিব। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্পের পাশের রাজাশ্রমের কাছে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে হত্যা করে।
হাবিবের ভাই আমির হোসেন জানান, পাশের জৈনপুর গ্রামের হাসনাত মিয়ার সঙ্গে তার আরেক ভাই কবিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। কবিরকে গত বছরের ১ অক্টোবর গলা কেটে হত্যা করে তারা।
এর জের ধরে হাবীবকেও খুন করা হয়েছে অভিযোগ করে আমির বলেন, “মোবাইল ফোনে বিভিন্ন সময়ে হাসনাত ও তার সাঙ্গপাঙ্গরা আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল।”
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, গত বছর হাবিবের বড় ভাই সন্ত্রাসী কবিরকে দুুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খাসনগর দিঘির পাড় গ্রামের মোজাম্মেল হোসেনকে গণধোলাই দিয়ে জনতা পুলিশে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২২১৩ ঘ.
bdnews24