২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার ময়নাতদন্ত: ঢাকা মেডিক্যালের পরিচালককে তলব

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত না করায় আদালত অবমাননার অভিযোগে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত না করায় আদালত অবমাননার অভিযোগে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানকে তলব করেছে হাই কোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- সোমবার সকাল সাড়ে ১০টায় সশরীরে আদালতে হাজির হয়ে এর জবাব দিতে হবে পরিচালককে। গত ৫ জানুয়ারি শ্বশুর বাড়িতে মারা যাওয়া উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান মেঘনার লাশ কবর থেকে তুলে গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। প্রথম ময়নাতদন্তের পর গত ৬ জানুয়ারি লাশটি দাফন করা হয়। ওই ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, তিনি আত্মহত্যা করেছেন। মেঘনার পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। শ্বশুর বাড়ির লোকজনের প্রভাবে ময়নাতদন্ত প্রতিবেদনও সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ তাদের। এরপর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে ওই শিক্ষার্থীর মা ফুলবানু হাই কোর্টে একটি রিট আবেদন করেন। আদালত গত বুধবার দেওয়া আদেশে দেরি না করে মেঘনার লাশ কবর থেকে তুলে ঢামেক হাসপাতালে প্রেরণ করতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি গঠন করে দ্বিতীয় ময়নাতদন্ত করতে ঢামেক হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন অন্য কোথাও পাঠানোর আগে তা আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রোববার বিকালে রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতকে বলেন, গাজীপুর জেলা প্রশাসন ওই শিক্ষার্থীর লাশ কবর থেকে তুলে বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে পাঠায়। কিন্তু রিটের বিবাদি ঢাকা মেডিক্যালের পরিচালক ওই লাশের দ্বিতীয় ময়নাতদন্তের ব্যবস্থা করেননি। “তাকে এ ব্যাপারে বলা হলে তিনি বলেছেন, আমি তো ময়নাতদন্ত করি না। যারা করে তাদের বলেন। আমরা বলেছি, আদালত তো আপনাকে নির্দেশ দিয়েছে। (যারা ময়নাতদন্ত করবে) তারা তো আপনার অধীনে, তাদের বলে দিন।” “এর জবাবে তিনি বলেন, ‘আমি পারবো না। ময়নাতদন্ত করাতে হলে হাই কোর্ট থেকে আদেশ এনে ফরেনসিক বিভাগকে দেন’।” এরপর আদালত স্বতপ্রণোদিত হয়ে আদেশ দেয় বলে জানান তিনি। মেঘনা ২০১০ সালে সতীর্থ মো. নাইম আহমেদকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর তিনি টঙ্গীতে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন। আগামী ২৭ জানুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা ছিল। এর মধ্যে ছেলেপক্ষ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ মেঘনার পরিবারের। তারা আরো জানায়, পরে ১৫ লাখ টাকার ঘর সাজানোর উপকরণ দিতে রাজি হলেও ছেলেপক্ষ নগদ অর্থের জন্য চাপ দিতে থাকে। এর মধ্যেই ৫ জানুয়ারি নাইমের পরিবার মেঘনার বাবার বাড়িতে ফোন করে তার ‘আত্মহত্যা’র কথা জানায়, যা প্রথম ময়নাতদন্তেও বলা হয়। তবে মেঘনার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। বাইরে থেকে রুমের তালা ভেঙে পুলিশ মেঘনার লাশ শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১১২ ঘ.