২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি যাওয়া পণ্যসহ ৩ জন গ্রেপ্তার

পনের লাখ টাকা মূল্যের রপ্তানি পণ্য চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পনের লাখ টাকা মূল্যের রপ্তানি পণ্য চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. লোকমান, সিরাজ ও আবদুল বাকের। শনি ও রোববার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নগরীর বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৬ জানুয়ারি গাজীপুরের ‘কেএমনিট ওয়ার’ গার্মেন্টসের মালিকানাধীন ৮৯১ কার্টন টি শার্ট একটি কাভার্ড ভ্যানযোগে ইউরোপে রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে কাভার্ড ভ্যানটির মালিক, চালক ও হেলপার মিলে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সাত হাজার দুইশ পিস টি শার্ট চুরি করে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বন্দর থানার পুলিশ নগরী, নোয়াখালী ও ফেনীতে অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে লোকমান ও সিরাজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে এবং বাকেরের বাড়ি ফেনীর দাগণভুঞায়। পরিদর্শক সৈয়দ অহসানুল জানান, লোকমান কাভার্ড ভ্যানটির চালক ও সিরাজ সহকারী। গ্রেপ্তারকৃত বারেক মহাসড়কে চলাচলকারী কাভার্ড ভ্যান থেকে মালামাল চুরির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার সকালে নগরীর বন্দর থানাধীন টোল রোড এলাকা থেকে চুরি করা রপ্তানি পণ্য উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০২৮ ঘ.