ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য পীরেরবাগে ব্যবসায়ীকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- আবদুল মজিদ ও তার স্ত্রী রুপা বেগম।
শনিবার দুপুরে ১০-১২ জন সন্ত্রাসী বাসায় ঢোকে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান কুয়েতফেরত ব্যবসায়ী কাজি এটিএম জিয়া হায়দারকে।
মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে থানার পাশে একটি বাসা থেকে মজিদকে গ্রেপ্তার করা হয়। এর আগে খুনের ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় তার স্ত্রী রূপা বেগমকে।
তারা ব্যবসায়ীর বাসার নিচ তলার ভাড়াটিয়া। মজিদ পেশায় ট্যাক্সিচালক।
ওসি ওয়াজেদ বলেন, “মজিদের স্ত্রীও খারাপ প্রকৃতির মহিলা। নিচতলার বাসায় বখাটেদের আড্ডা লেগেই থাকতো। মজিদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাতে অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”
এর আগে শনিবার রাতে নিহতের স্ত্রী সেলিনা আজমি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৯১৪ ঘ.
bdnews24