চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর চান্দগাঁও থানাধীন চুনার টাল এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
আভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক জুবায়ের আহমদ। তাকে সহায়তা করেন র্যাব ও পুলিশের দু’টি দল।
জুরায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ঝর্ণা বেকারিকে ১ লাখ ও হাসান বেকারিকে ৫০ হাজার জরিমানা করা হয়।
একই এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মেসার্স আমিন ফার্মেসিকে ১০ হাজার এবং তেল জাতীয় রাসায়নিক দ্রব্য মিশ্রিত মাংস বিক্রির করায় একটি মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জুবায়ের আহমদ জানান, ঝর্ণা বেকারি ও হাসান বেকারির কারখানায় গিয়ে দেখা গেছে কেক, পাউরুটি, বিস্কুট তৈরিতে পঁচা ডিম ব্যবহার করা হচ্ছে। এ সময় খাদ্যে মেশানোর জন্যে আনা ২ হাজার পঁচা ডিমসহ প্রায় ৫০ হাজার টাকার বেকারি সামগ্রী ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/এএল/১৮১০ ঘ.
bdnews24