২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৮ নদী-খালে বাঁধ কেন অবৈধ নয়’

তিতাসসহ ব্রাহ্মণবাড়িয়ায় ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাসসহ ব্রাহ্মণবাড়িয়ায় ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করেন। একইসঙ্গে ওই সব বাঁধ অপসারণে নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। পানিসম্পদ সচিব, যোগাযোগ সচিব, পরিবেশ ও বন সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। মোহাম্মদ আলী শুনানিতে বলেন, তিতাস নদীতে বাঁধ দিয়ে নদীটিকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের কেনো কর্তৃপক্ষ এই বাঁধ নির্মাণের কথা স্বীকার করতে চাচ্ছে না। গত ১২ জানুয়ারি তিতাসসহ ব্রাহ্মণবাড়িয়ার ১৮টি নদী- খালে বাঁধ নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন-২০০০, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও বিআইডব্লিউটিএ অধ্যাদেশ-১৯৫৮ এবং ড্রেনেজ ব্যবস্থাপনা অ্যাক্ট (১৯৫২) লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীসহ ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি করে পানির স্বাভাবিক গতি প্রবাহ রোধ করা হয়েছে। আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত ভারতকে করিডোর দিতে এ সব বাঁধ দেওয়া হয়েছে উল্লেখ করে রিটে বলা হয়, “এতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশে বিরূপ প্রভাব ডেকে আনবে।” মাহমুদুরের নেতৃত্বাধীন বিরোধী দল সমর্থক সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ’ এই সব বাঁধ নিয়ে আন্দোলন করে আসছিলো। তিনি ওই সংগঠনের আহ্বায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এএল/১৮০৬ ঘ.