জয়পুরহাট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার খনিজ সম্পদ উত্তোলনসহ এর সুষ্ঠু ব্যবহারে আন্তরিক।
চুনাপাথর খনির জেলা জয়পুরহাটে রোববার দেশের প্রথম খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম)’ উদ্বোধন করে একথা বলেন তিনি।
দেশের খনিজ সম্পদ জনস্বার্থ বিবেচনা করে কাজে লাগানো হবে বলেও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশে অনেক খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে। বিএনপি জোট সরকার এ সবের কোন পদক্ষেপ নেয়নি।”
তিনি বলেন, বর্তমান সরকার দেশেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সকালে হেলিকপ্টারে করে জয়পুরহাট চুনাপাথর প্রকল্প মাঠে নামার পরপরই আইএমএমএম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি এরপর জয়পুরহাট বিচার বিভাগীয় হাকিম আদালত ভবনের ভিত্তিস্থাপন করেন।
এছাড়াও জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি স্থাপন করবেন শেখ হাসিনা।
এরপর স্থানীয় সার্কিট হাউজ মাঠে জনসভায় তিনি বক্তব্য দেবেন বলে জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দুদু জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24