লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উৎখাতে সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তার অভ্যুথান চেষ্টার কোনো প্রভাব জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রমে পড়বে না বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর বলিষ্ঠ অবস্থানের ব্যাপারটি এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে বলেও উল্লেখ করা হয়।”।
“ফলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবস্থানে কোনো হেরফের হবে না,” বলেন তিনি।
জাতিসংঘের একটি ফোরামে ১৯ জানুয়ারি বক্তব্যে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
তার ঠিক আগেই সেনাবাহিনী জানায়, তারা শেখ হাসিনা সরকার উৎখাতে ধর্মান্ধ কতিপয় সেনাকর্মকর্তার অভ্যুত্থানের একটি চেষ্টা নস্যাৎ করেছে।
মোমেন জানান, সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বান কি মুন আরেকটি বক্তব্য দেখেন। সেখানেও বাংলাদেশের প্রসঙ্গ আসবে এবং শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা প্রাধান্য পাবে।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ১০ হাজারের বেশি সৈন্য বিশ্বের সংঘাতপ্রবণ নানা দেশে কাজ করছে।
এদিকে অভ্যুত্থান চেষ্টা নস্যাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে অভ্যুত্থান চেষ্টার খবরের প্রতিক্রিয়া জানায় ক্ষমতাসীন দলটির যুক্তরাষ্ট্র শাখা।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি আকতার হোসেন ও মাহবুবুর রহমানও এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24