২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা ভাইরাসের ‘গুজবে’ বগুড়ায় বিশেষজ্ঞ দল

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর ঠিক কি না তা সনাক্ত করতে বগুড়ায় শিশুদের রক্তসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ঢাকার বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

বগুড়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর ঠিক কি না তা সনাক্ত করতে বগুড়ায় শিশুদের রক্তসহ অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ঢাকার বিশেষজ্ঞ দল। আইসিডিডিআরবি ও আইসিডিসিআর’র পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল আক্রান্ত সন্দেহভাজন শিশুদের রক্ত, লালা ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে। আরো রোগীর নমুনা সংগ্রহ করতে রোববার রাজশাহী যাচ্ছেন তারা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জয়পুরহাটের সরদার পাড়ার আলমের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র অনিক (৭) এবং শনিবার বগুড়ার শিবগঞ্জের গুজিয়া গ্রামের মীর কাশেম আলীর ছেলে রিয়াজ (৬) মারা যায়। শিশুদের মৃত্যুতে বগুড়ায় নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আরেক অসুস্থ রিয়াজের খালাতো বোন শাকিলাকে (৮) হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে গেছে তার আত্মীয়রা। বিশেষজ্ঞ দলে রয়েছেন- আইইডিসিআর’র ডা. অপূর্ব চক্রবর্তী, ডা. রায়হানসহ আরো দুই টেকনিশিয়ান, আইসিডিডিআরবি’র ডা. সাজ্জাদ হোসেন। তারা বলছেন, অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন মন্তব্য করা সঠিক নয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা জানান, অনিক ইনক্যাফালাইটিস আক্রান্ত ছিল। এ রোগ যে কোনো ভাইরাস থেকে হতে পারে। আইইডিসিআর’র পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সপ্তাহেই নিশ্চিত হওয়া যাবে শিশুরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কি না।” বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগের অনারারি মেডিক্যাল অফিসার ডা. রিতা ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনিক, রিয়াজ ও সাকিলা তিন শিশুর আত্মীয়রা বলেছেন, “তিন জনই খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।” ডা. মাহমুদুর রহমান জানান, ব্রেনের প্রদাহ থেকে শিশুদের এ রোগ হতে পারে। তবে নিপা ভাইরাস কি না এ মুহূর্তে বলা যাচ্ছে না। ঢাকায় পরীক্ষা শেষে এটি নিশ্চিত করা যাবে। আইসিডিডিআরবি’র ডা. সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি মৃত অনিকের আত্মীয় মরিয়ম (৭) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রাজশাহী গিয়ে তার রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৪৬ ঘ.