বরগুনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার ফলাফলে পুনর্মূল্যায়নে আরো ১১১ জন জিপিএ-৫ পেয়েছে।
অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ফলাফল পুনর্মূল্যায়ণে এসব শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পায় বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হাওলাদার।
বরগুনায় ৫১ জন, আমতলীতে ৫৩ জন, বেতাগীতে ৪ জন, পাথরঘাটায় ২ জন ও বামনায় ১ জন নতুন করে জিপিএ-৫ পায়।
এছাড়া আরো ৮ শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে। এবার ফলাফল পুনর্মূল্যায়নের জন্য মোট ২১৮ অভিভাবক আবেদন করেন।
পিএসসি পরীক্ষায় বরগুনায় পাশের হার ছিল ৯৯ দশমিক ৫২ শতাংশ। জেলায় মোট ১৪ হাজার ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ হাজার ৯৮৮ জন পাশ করে।
এর আগে বরগুনায় ১৩৮ জন, পাথরঘাটায় ১২৭ জন, আমতলীতে ৯৭ জন, বামনায় ৫৯ জন ও বেতাগীতে ৪১ জন সহ ৪৬২ জন জিপিএ-৫ পেয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০২৯ ঘ.
bdnews24