২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সামনে যুবককে গলা কেটে হত্যা

রাজধানীর শ্যামপুরে শুক্রবার রাতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে তার মায়ের সামনে পিটিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 07:57 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে শুক্রবার রাতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে তার মায়ের সামনে পিটিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, আব্দুর রহমান ছিনতাইকারী। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করেছে। তবে তার মা রাবেয়া বেগমের দাবি, তার ছেলে মাদকসেবী হলেও ছিনতাইয়ে জড়িত ছিল না। রাত ৮টার দিকে শ্যামপুরের বাহাদুরপুর লেনে এই হত্যাকাণ্ড ঘটে। রহমানের বাসা পাশের লালমোহন পোদ্দার লেনে। রাবেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় কয়েকজনের কাছে খবর পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে দেখেন পরিচিত কয়েকজন তার ছেলেকে পেটাচ্ছে এবং চাপাতি দিয়ে কোপাচ্ছে। তিনি বলেন, “আমি তখন ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে মিনতি করলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে- ‘বুড়ি সরে দাঁড়া, না হলে তোকেও কুপিয়ে মেরে ফেলবো’।” এরপর মায়ের চোখের সামনে হামলাকারীরা রহমানকে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। কয়েকজনের সহায়তায় রাবেয়া একটি অ্যাম্বুলেন্সে করে রাত পৌনে ১১টায় ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। তবে চিকিৎসকরা জানান, রহমান মারা গেছেন। শ্যামপুর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহমানের পেশা ছিল ছিনতাই, মাদকও সেবনও করতো। “নিজ এলাকা ছেড়ে পাশে বাহাদুরপুর লেনে গেলে ছিনতাই করতে এসেছে মনে করে স্থানীয় লোকজন তাকে পিটিয়ে হত্যা করে,” বলেন তিনি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছ্।ে কেউ আইন লঙ্খন করলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” রহমানকে যারা হত্যা করেছে, তাদের চিনতেন না বলে রাবেয়া জানান। তবে তিনি বলেন, পুনরায় দেখলে তিনি সনাক্ত করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০১৫৩ ঘ.