ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কর্মীদের অদক্ষতা ও অব্যবস্থাপনায় বিরক্তি প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
শুক্রবার সকালে মন্ত্রী কলকাতা যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কুয়াশার কারণে বিমানের ফ্লাইটটি নির্ধারিত সময় সকাল সোয়া ৯টায় না ছাড়ায় ফারুক খান আকস্মিকভাবে বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখতে শুরু করেন।
প্রথমে ভিআইপি লাউঞ্জের সামনের অব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনা দেখে মন্ত্রী বিরক্তি প্রকাশ করেন।
পরে তিনি বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে যান। সেখানে গাদাগাদি হয়ে থাকা যাত্রীদের ব্যাগ ও মালামালের দেখে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রীকে বলা হয়, যাত্রী আসার অনেকদিন পর এসব মালামাল ও ব্যাগ আসায় এখানে পড়ে রয়েছে।
এসব ‘বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের অদক্ষতা ও অব্যবস্থাপনা’ বলে মন্তব্য করেন মন্ত্রী। দ্রুত এগুলো যাত্রীদের কাছে হস্তান্তরে পদক্ষেপ নিতেও তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে তিনি বিমানবন্দরের বাইরে কার পার্কিংয়ে যান। যাওয়ার পথে প্রচুর ময়লা-আবর্জনা এবং গাড়ির এলোমেলো অবস্থা দেখেও মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রীর পরিদর্শনের খবর পেয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম ও সিভিল এভিয়েশন অথরিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।
পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বিমানবন্দর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশের পর্যটনশিল্পকে তুলে ধরা এবং ভারতীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে পশ্চিমবঙ্গে আয়োজিত শনিবারের রোডশো-তে (প্রচারণা) অংশ নিতে শুক্রবার ভারত যান ফারুক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/২৩৫৬ ঘ.
bdnews24