নড়াইল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হলে সঙ্গে সঙ্গেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় এক কূটনীতিক।
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য শুক্রবার নড়াইলে সাংবাদিকদের বলেন, “আমরা চাই না সীমান্তে কোনো বাংলাদেশি মারা যাক। সীমান্তে কোনো নিরীহ বাংলাদেশি মারা গেলে সঙ্গে সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভারতীয় এই কূটনীতিক মাছিমদিয়ায় এস এম সুলতান কমপেপ্লক্স, চিত্রা নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক বাঁধা ঘাট ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে নড়াইল গিয়েছিলেন।
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে অবশ্য ভারত জানিয়েছে, সীমান্তে হত্যা বন্ধে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র বিএসএফকে দেওয়া হয়েছে।
তবে গত বুধবার বিএসএফ সদস্যদের হাতে বাংলাদেশি এক যুবকের নির্যাতনের ভিডিওচিত্র ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হলে আট জওয়ানকে বরখাস্ত করা হয়।
ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, “সীমান্তে যে সব বাংলাদেশি নিহত হচ্ছে তারা মূলত চোরাকারবারি। রাতের আঁধারে চোরাইপথে মাদক নিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ’র গুলিতে তারা মারা পড়ছে।”
ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীও আগে একই ধরনের কথা বলে বাংলাদেশে সমালোচনায় পড়েছিলেন।
সঞ্জয় অবশ্য মনে করেন, বাংলাদেশ সরকার মাদক ও চোরাকারবারিদের দমনে অত্যন্ত সজাগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২৫১ ঘ.
bdnews24