ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে আনিসুর রহমান (২৬) নামে এক রিকশা চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার দুপুর ১২টার দিকে পল্লবীর ৭ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় তিনি তড়িতাহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভেজা হাতে বৈদ্যুতিক মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আনিস। ঝাঁকুনিতে দেওয়ালে আঘাত পেয়ে আনিসের মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।
আনিসকে প্রথম স্থানীয় মমতাজ ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।
আনিস স্থানীয় আবুলের গ্যারেজে রিকশা চালাতেন বলে পুলিশ কর্মকর্তা হাবিব জানান। আনিসের বাড়ি বগুড়ার শিবগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২২ ঘ.
bdnews24