চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফেরে শাহপরীর দ্বীপ থেকে ৩৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৭ জন মিয়ানমারের নাগরিক।
কোস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলের তথ্য কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার মো. শরীফুল হক খান জানান, শাহপরী কন্টিনজেন্টের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দ্বীপের গোলার চর এলাকা থেকে ওই ৩৩ জনকে আটক করে। এদের মধ্যে ৬জন বাংলাদেশি এবং অন্যরা মিয়ানমারের নাগরিক।
“ট্রলারে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নাফ নদীর গোলার চর এলাকায় ট্রলারটির তলা ফেটে পানিতে ডুবে যায়। ভাসমান অবস্থায় নদী থেকে ৩৩ জনকে উদ্ধার করা হলেও ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি”, যোগ করেন তিনি।
ওই ট্রলারের কেউ নিখোঁজ কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি শরীফুল হক খান।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ছয় বাংলাদেশি হলেন- মোস্তফা কামাল (৩২), হামিদ হোসেন (২৮), মো. ইউনুস (২৭), আব্দুল গফুর (২৮), দিন মোহাম্মদ (২৫) ও মো. আবু বকর (২৫)।
এর সবাই কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা।
মিয়ানমারের নাগরিকরা হলেন- আজম মোল্লা (৩০), মো. শাহা (২৮), শফিকুর রহমান (২৫), মো. রফিক (৩১), রহমত উল্লাহ (২৭), মো. আলমু (২৬), মো. হাফিজুল (৩৩), আব্দুল হামিদ (৩৫), ছাবিবর আহাম্মদ (৩৩), করিমউল্লা (৩০), সুনজু আলম (২৬), সাইদ হোসেন (৩৫), মো. আব্দুল্লাহ (৩০), মো. ইয়াসিন (৩২), আতাউল্লা (২৫), মো. হারুন (২০), কবির আহাম্মদ (২৩), শামছুল আলম (২৪), কেফায়েৎ উল্লা (২৯), আব্দুর রহমান (২৮), আব্দুল্লা (২৫), জুবায়ের (২৪) সিরাজউল্লা (২৮), আবুল কালাম (৩১), ফয়েজ উল্লা (৩৫), শাহ আলম (২৮), নজির আহাম্মদ (২৫)।
তারা সবাই মিয়ানমারের গজিবি মণ্ডু জেলার নাগরিক বলে কোস্টগার্ড জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৩৩০ ঘ.
bdnews24