চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ২২৫০টি ইয়াবা ট্যাবলেট, কষ্টি পাথরের মূর্তি ও জাল টাকাসহ এক জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত রাখাল চন্দ্র ধর (৫৮) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অধিদপ্তরের কর্মকর্তারা ক্রেতা সেজে নগরীর কোতোয়ালী থানার প্যারেড কর্নার এলাকার তারেক শাহ মাজার সংলগ্ন জসিম কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তার বাসা থেকে ২২৫০টি ইয়াবা ছাড়াও যৌন উত্তেজক ডিআরএক্স ট্যাবলেট ৪৮টি, ৭৩০ গ্রাম এমফিটামিন পাউডার, তিন প্যাকেট রং, ইয়াবা তৈরির যন্ত্রাংশ, এক দশমিক চার কেজি ওজনের কষ্টি পাথরের একটি বুদ্ধ মূর্তি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাল নোট ৪৪টি, দেড়শটি নকল স্ট্যাম্প এবং জাল নোট তৈরির যন্ত্রাংশও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রেতা সেজে প্যারেড কর্নার এলাকা থেকে বিকাল সাড়ে ৫টার দিকে রাখালকে ৫০টি ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তির ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে বাকি ট্যাবলেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
চট্টগ্রামে একটি চক্র নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট স্থানীয়ভাবে তৈরিতে জড়িত উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকৃত পাউডার ও রং ইয়াবা ট্যাবলেট তৈরির কাজে ব্যবহৃত হয়। এই চক্রের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১১ ঘ.
bdnews24