২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে রোড শো করবে বাংলাদেশ

পর্যটনসহ ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশে ভুটানে রোড শো করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনো এর দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটনসহ ব্যবসা-বাণিজ্য ও শিল্পের বিকাশে ভুটানে রোড শো করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনো এর দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং বৃহস্পতিবার পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করলে তাকে এ কথা জানানো হয়। এ সময় রোড শো বাস্তবায়নে সহযোগিতা করাসহ দু’দেশের পর্যটন শিল্পের বিকাশে তথ্য বিনিময়ে উভয়ের মধ্যে ঐকমত্য হয় বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান। তিনি বলেন, বৈঠকে উভয় দেশের মধ্যে পর্যটন শিল্প বিকাশ এবং বিমান চলাচল খাতে সহযোগিতার ব্যাপারে ঐকমত্য হয়েছে। বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর এবং লালমনিরহাট বিমানবন্দর ব্যবহারে বাংলাদেশের সম্মতি কামনা করেন। মন্ত্রী তাকে জানান, এ দু’টি বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে ভুটানকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এতে দুই দেশেরই পর্যটনসহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের দ্বার উন্মুক্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০২২ ঘ.