চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হলো তিন দিনের তৈরি পোশাক প্রদর্শনী ‘চিটাগাং অ্যাপারেল ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন’ (কাফেক্সপো)- ২০১২।
নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে (জিমনেসিয়াম) তিন দিনের এ প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামে দশমবারের মতো এ প্রদর্শনী আয়োজন করেছে।
এবারের প্রদর্শনীতে ৬৫টি স্টলে ৩৫টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিচ্ছে।
তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির ‘প্রাণ’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে, উন্নত দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। সঙ্গে আয়ের তুলনায় ব্যয়ও বাড়ছে।”
তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ব মন্দা মোকাবেলায় রপ্তানি আয় ও রেমিট্যান্স আরো বাড়াতে হবে।
বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরীর দাবির প্রেক্ষিতে জিএম কাদের বলেন, শিল্প পল্লী গড়ে তোলার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম তৈরি পোশাক শিল্পকে ‘বাঁচিয়ে’ রাখতে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার আহ্বান জানান।
এ প্রদর্শনীর মধ্য দিয়ে দেশি-বিদেশি ক্রেতারা দেশে তৈরি পোশাক, দেশীয় কাপড়, আনুষঙ্গিক পণ্য এবং এগুলোর গুণগতমান, মূল্য সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে এ শিল্পের সুবিধা সম্পর্কেও তারা অবহিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24