চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চালককে জখম করে তার সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে অটোরিকশাটিও।
ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন চালক মো. লেয়াকত আলী (১৮)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার গভীর রাতে কর্ণফুলী থানার পশ্চিম পটিয়ার জামতল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন- আবদুল হাকিম (২০) ও মো. রুবেল (২১)।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীবেশে দুই ছিনতাইকারী সিএনজি অটো রিকশায় উঠে জামতল এলাকায় নির্জন স্থানে গিয়ে চালক লেয়াকতের গলায় ছুরিকাঘাত করে।
লেয়াকতকে নির্জন এলাকায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই ঘটনায় লেয়াকতের বাবা বশির আহমেদ বাদি হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১৩ ঘ.
bdnews24