২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে মার্কেট দখলের চেষ্টা, গুলিতে স্কুলছাত্র নিহত

ঢাকার কেরানীগঞ্জে মার্কেট দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মার্কেট দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কেরানীগঞ্জের পূর্ব আগানগর মমতাজ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম মো. সোহেল (৮)। সে স্থানীয় আমবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। মমতাজ মার্কেটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, “সকালে আগানগরের মজিবর নামে এক ব্যক্তি পঁচিশ/ত্রিশ জন সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক মামতাজ মার্কেট দখল করতে আসে। এ সময় মার্কেট দোকানদারদের প্রতিরোধের মুখে মজিবর বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহেলের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই সোহেল মারা যায়।” সোহেল ওই সময় রাস্তায় খেলছিলো। এ ছাড়া বাবুল আলি নামে এক দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান ফারুক। ঘটনার পর মমতাজ মার্কেটের প্রায় ৩শ’ দোকানের মালিক, শ্রমিক ও কর্মচারী এবং এলাকাবাসী সোহেলের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে। রহিম নামে এক দোকানদার জানায়, এটি আগে ‘সাদেক কলোনি’ ছিলো। পরে টিনশেড দোকান হয়। কিন্তু এই টিনশেড মার্কেটটি ভেঙে বহুতল ভবন করতে চাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন। এ ঘটনার প্রতিবাদের আগানগর কাপড়ের সব দোকান বন্ধ রয়েছে। তবে ওসি দুপুর ২ টার দিকে জানান, মমতাজ মার্কেট ছাড়া আশেপাশের দোকান খুলতে শুরু করেছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫৩৪ ঘ.