ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত সৈকত এলাকায় সব ধরণের ব্যক্তিগত স্থাপনা নির্মাণ ও ভরাট নিষিদ্ধ করেছে হাই কোর্ট।
নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকার ব্যক্তিগত সব স্থাপনা অপসারণেরও।
জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের রুল শুনানি শেষে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেয়।
একইসঙ্গে কুয়াকাটাকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে মহাপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেয় আদালত।
এ রিটে বিবাদী হিসাবে পক্ষভুক্ত সৈকত এলাকার চার ব্যক্তির নিু আদালতে দায়ের করা দেওয়ানী মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত। ওই চার ব্যক্তি গত বছরের ২ জুন হাই কোর্টের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে উচ্ছেদ নোটিশ পান।
বিবাদী পক্ষভুক্ত এ চার জন হলেন- শাহজালাল মিয়া, শহিদুল ইসলাম, রাফেজা আক্তার ও আবুল কালাম।
আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালত শুনানি শেষে রুলকে ‘অ্যাবসোলিউট’ (শর্তহীন) করে সৈকতের নির্ধারিত এলাকাকে সংরক্ষণ এবং সেই এলাকাকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছে।
তিনি আরো বলেন, “রায় প্রদানের পর হাইকোর্ট মামলাটিকে ‘চলমান’ (কন্টিনিউয়াস মেন্ডামাস) হিসাবে রেখে দিয়েছে, যে কেউ এ বিষয়ে যে কোনো সময় প্রতিকার চাইতে পারে।”
গত বছরের ১ জুন দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাই কোর্টে রিটটি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী।
এর পরদিন কুয়াকাটা সৈকত থেকে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেয় হাই কোর্ট। এ সময় দুটি রুলও জারি করা হয়।
রুলে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাকে দখল থেকে রক্ষা করতে কেন নির্দেশ নয় এবং ভবিষ্যতে সৈকত এলাকায় স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধে কেন ব্যবস্থা নয়- তা জানতে চায় হাই কোর্ট।
পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, অর্থ সচিব, স্থানীয় সরকার সচিব, পানিসম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক, পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলাপাড়া সহকারী ভূমি কমিশনারকে তিন সপ্তাহের মধ্যে এ দুই রুলের জবাব দিতে বলা হয়।
ওইদিন হাইকোর্ট স্থাপনা অপসারণের আদেশ বাস্তবায়ন করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পটুয়াখালীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দেয়। একইসঙ্গে কমিটি গঠন করে সমুদ্র সৈকতের সীমানা চিহ্নিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
মনজিল মোরসেদ বলেন, গত ২ জুনের ওই আদেশের পর সীমানা নির্ধারণ করে ১৮ অক্টোবর সংশ্লিষ্টরা আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে কুয়াকাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে সমুদ্রের পানি পর্যন্ত এলাকাকে সৈকত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়।
মনজিল মোরসেদ বলেন, আদেশ অনুযায়ী সৈকত এলাকা থেকে বাড়ি ঘর উচ্ছেদের নোটিশ দিলে ওই এলাকার চার ব্যক্তি হাইকোর্টে একটি রিট করে। পরে উপস্থাপিত হয়নি- এ মর্মে রিটটি খারিজ হয়ে যায়। এরপর ওই চার ব্যক্তি এ রিটে বিবাদী হিসাবে পক্ষভূক্ত হয়ে বলেন, যে জমি থেকে তাদের উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে, তা তাদের বৈধ সম্পত্তি।
আদালতে সোম ও মঙ্গলবারের শুনানিতে ওই চার ব্যক্তির পক্ষে অংশ নেন ব্যরিস্টার এম আমীর উল ইসলাম। মঙ্গলবার শুনানিশেষে আদালত বুধবার আদেশের দিন ধার্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/পিডি/২০৩২ ঘ.
bdnews24