সিলেট, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আরো তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর শেখঘাট, ঘাসিটুলা ও মোলাপাড়ার নিজ নিজ বাসস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
এরা হলেন নগরীর শেখঘাট কলাপাড়ার মো. ফরহাদুল ইসলাম, ঘাসিটুলার হুমায়ূন কবীর বদরুল ও মোল¬াপাড়ার আবুল মনসুর মো. ফাহিম।
এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় ২০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার কর হয় ১৭ জনকে।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ূব আলী জানান, তারা গত ১১ জানুয়ারি শাবিতে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ ও ছাত্রলীগের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে আনন্দ মিছিল বের করলে শাবিতে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি এবং দুটি মামলা করে ছাত্রলীগ।
এদিকে, সোমবার নগরীর টিলাগড়ে ও খাসদবীরে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের অজ্ঞাত পরিচয় প্রায় একশ’ নেতাকর্মীকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহ পরাণ ও বিমানবন্দর থানায় দু’টি মামলা করে।
এছাড়া শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম বাদী হয়ে শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আসামি করে জালালাবাদ থানায় অপর একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24