চুয়াডাঙ্গা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খাসজমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোমরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতদের চুয়াডাঙ্গা ও দামুড়হুদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান বলেন, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছয়জনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রেজাউল (৪২), আতিয়ার (২৫), আলমগীর (২৬), আমিরুল (৪০), ওসমান (৫৫) ও সিরাজুল (৪০)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলাম বলেন, আহত ১১ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- কাউসার (৩৫), আশাদুল (৫৫), মোস্ত বারি (৫৫), সাজু (৪৫), সিরাজ (৬০), আক্কাস (৭০), জসিম (২০), তুহিন (২৬), হামিদুর (৩৫), মজিবর (৪০) ও হামিদুল (৪৩)।
“এদের মধ্যে মোস্তবারি ওরফে মোস্ত মাথায় আঘাত পেয়ে বমি করছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
দামুড়হুদা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোমরপুর গ্রামের কাছে মাথাভাঙ্গা ও ভৈরব নদীর তীরের খাসজমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে তারা লাঠি, কোদাল ব্যবহার করে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানকার জমি কাউকে লিজ দেওয়া হয়নি। এলাকার মানুষ সুযোগ পেলেই নদী তীরের সরকারি জমিতে চাষাবাদ করে, অনেকে নদীতে বাঁধ দেয়। আমরা উদ্যোগ নিয়ে ইতিপূর্বে এসব অপসারণ করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০৮ ঘ.
bdnews24