ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে স্কুলের সামনে গাড়ি পার্কিং রোধে কড়াকড়ি এবং নতুন ১০০ স্কুলবাস চালুর সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সড়ক ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ঢাকা মহানগর যানজট নিরসনে গঠিত সমন্বয় ও তদারক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মন্ত্রী বলেন, “রাজধানীর স্কুলগুলোর পাশে গাড়ি পার্কিং যানজট সৃষ্টির অন্যতম কারণ। স্কুলগুলোতে এ বিষয়ে সচতেনতা তৈরি করতে হবে।”
মার্চ-এপ্রিলে রাস্তায় নামতে যাওয়া বিআরটিসির ২৯০টি বাসের মধ্যে ১০০টি শিক্ষার্থীদের পরিবহনে বরাদ্দ দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে ভিকরুন্নিসা নূন স্কুলের প্রধান শাখার সামনে রাস্তায় গাড়ি পার্কিং না করার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসক মহিবুল হককে নির্দেশনা দেন।
সভায় এসব সিদ্ধান্তসহ যানজট নিরসনে স্বলমেয়াদি ১০টি সিদ্ধান্ত হয়।
‘ভোটের রাজনীতিতে সব করা যায় না’
সভায় রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের পরামর্শ দেওয়া হলে মন্ত্রী বলেন, “ভোটের রাজনীতির বিবেচনায় অনেক সিদ্ধান্তই নেওয়া যায় না, তাই পুনর্বাসন না করে উচ্ছেদ করা ঠিক হবে না।”
রাজধানীর দরিদ্র শ্রেণীর এ হকাদের উচ্ছেদ করলে নানা সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তবে ইত্তেফাক-মতিঝিল-বাংলাদেশ ব্যাংক-দৈনিক বাংলা-পল্টন পর্যন্ত সড়কের (দিলকুশা বাণিজ্যিক এলাকাসহ) উভয় পাশে অবস্থিত ভবনগুলোতে পার্কিংয়ের জায়গায় তৈরি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
এ ছাড়া সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত রাস্তায় অবৈধ দখলদার উচ্ছেদ, রাস্তার উপরে কাভার্ড ভ্যানে ফল বিক্রি বন্ধ এবং চলাচলে প্রতিবন্ধকতা রোধ করা এবং গাবতলী শিন্নিরটেক লিংক সড়কের আমিন বাজার ব্রিজ এপ্রোচ সংলগ্ন এলাকায় সড়কে ট্রাক পার্কিং বন্ধ এবং ময়লা আবর্জনা না ফেলার বিষয়ে নির্দেশনা দেন মন্ত্রী।
অবৈধভাবে নির্মিত অথবা নির্মিতব্য তোরণ প্রসঙ্গে কাদের বলেন, “রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
যাত্রাবাড়ী মাছের আড়ৎ অপসারণের সুপারিশ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্টরা পরীক্ষা করে দেখবে এর বাস্তবতা রয়েছে কি না।”
সভায় ফুটওভার ব্রিজে চলাচলকারীদের সুবিধার্থে সবরকম বিল বোর্ড অপসারণের নির্দেশ দেন কাদের।
‘অথর্ব ভাল মানুষের দরকার নেই’
সভার এক পর্যায়ে বিআরটিএ চেয়ারম্যান আইয়ূবুর রহমান খানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আপনি ভাল মানুষ তা সবাই বলে, তবে অথর্ব ভাল মানুষ থাকার দরকার নেই। ভাল কাজের মধ্যে দুই একটি খারাপ কাজ হলে সমস্যা নেই; তবে আমি খারাপ কাজকে উৎসাহিত করছি না।”
৮০ ভাগ চালক ভুয়া লাইসেন্স এবং ঢাকায় চলাচলরত গাড়ির ৮০ ভাগের ফিটনেস না থাকার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “বিআরটিএ চেয়ারম্যান, আপনি সর্ষের মধ্যে থেকে ভূত তাড়ান।”
সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন, ডিটিসিবি নির্বাহী পরিচালক সালেহউদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫৪৮ ঘ.
bdnews24