২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাখিলেও বাংলা-ইংরেজিতে ২০০ নম্বরের পরীক্ষা

মাধ্যমিকের মতো দাখিল পর্যায়ের শিক্ষার্থীদেরও বাংলা ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ২০১৩ সাল থেকে শুরু হবে এ সিদ্ধান্তের বাস্তবায়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিকের মতো দাখিল পর্যায়ের শিক্ষার্থীদেরও বাংলা ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ২০১৩ সাল থেকে শুরু হবে এ সিদ্ধান্তের বাস্তবায়ন। পাশাপাশি, দাখিল পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, পরিবেশ ও বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়গুলো। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে আর কোনো প্রতিবন্ধকতা রইলো না। শিক্ষানীতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কাজটিও এর মাধ্যমে শুরু হলো।” আগামীতে আলিম (এইচএসসি) পর্যায়েও বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষায় নম্বরে সাধারণ শিক্ষার সঙ্গে সমতা আনা হবে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা এর আগে বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বর করে মোট ২০০ নম্বরের ওপর পরীক্ষা দিতো। অথচ মাধ্যমিকের শিক্ষার্থীরা পড়ছে ২০০ করে মোট ৪০০ নম্বরের ওপর। এখন দাখিল পর্যায়েও এ দুটি বিষয়ে সমতা আসলো। সংশ্লিষ্ট সবার সম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচিতেও আধুনিক বিষয় সংযোজন করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৩০০ নম্বরের পরীক্ষা দেবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা হবে ১১০০ নম্বরে। “নম্বর বেড়ে যাওয়ায় মাদ্রাসা সংশ্লিষ্টদের কোনো অভিযোগ নেই। তারা এটা সাদরেই গ্রহণ করেছেন”, যোগ করেন মন্ত্রী। নাহিদ বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আবশ্যিক বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দেয়। স্কুল পর্যায়ে বাছাই করা বিষয়ের মধ্যে পড়তে হয় ২৫০ নম্বর। এছাড়া অতিরিক্ত বিষয়ে আরো ১০০ নম্বর। মাদ্রাসায় বাছাই করা বিষয়ের মধ্যে পড়তে হয় ৪০০ নম্বর। তাই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পর্যায়ে ১০০০ ও মাদ্রাসা পর্যায়ে ১০৫০ নম্বর পড়তে হয়। মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জামিতুল মোদ্দারেছিনের যুগ্ম-সম্পাদক আ ম ম শামসুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “দাখিল পর্যায়ে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে ১০০ নম্বর করে বাড়ানোর সিদ্ধান্তে আমরা আনন্দিত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থী ভর্তিতে বাধা কাটবে।” বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে এসএসসি-এএইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে মোট ৪০০ নম্বরের ওপর পড়ে আসা বাধ্যতামূলক হওয়ায় প্রতিবছরই জটিলতায় পড়ে মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা। এ নিয়ে গত কয়েক বছরে প্রতিবারই আদালতে যেতে হয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪০৭ ঘ.