২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফেরাতে সরকারের মহাপরিকল্পনার আওতায় যমুনা নদীর ২০ কিলোমিটার এলাকা খননে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফেরাতে সরকারের মহাপরিকল্পনার আওতায় যমুনা নদীর ২০ কিলোমিটার এলাকা খননে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু হচ্ছে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় যমুনা নদীর আরিচা পয়েন্টে এই ‘পাইলট ক্যাপিটাল ড্রেজিং’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া নতুন তিনটি ড্রেজারও উদ্বোধন করবেন তিনি। প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি জানান, দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং মৃতপ্রায় ৯৭টি নদী পুনরুজ্জীবিত করতে সরকার ১২ হাজার কোটি টাকার ১৫ বছর-মেয়াদি একটি মহাপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবেই শুরু হচ্ছে এ পাইলট প্রকল্পের কাজ। এ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী আরিচায় নতুন তিনটি ড্রেজারও উদ্বোধন করবেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যৌথ মালিকানার প্রতিষ্ঠান মেসার্স ভোস্তা এলএমজি ও কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার এ তিনটি ড্রেজার নির্মাণ করেছে। এজন্য ২০০৯ সালের ২৬ অক্টোবর সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। ৩৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি ড্রেজার বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় পরীক্ষামূলক খনন চালাচ্ছে। ১৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত অপর ড্রেজারটি খনন চালাচ্ছে মাওয়া এলাকায়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, “নদী শাসন ও নদী রক্ষা এখন আমাদের প্রধান কাজ। নদীগুলো রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এ সংকট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট থেকে ধলেশ্বরী মোহনা পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধন করছেন।” পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের নদীগুলো প্রতি বছর উজান থেকে প্রায় ১১০ কোটি টন পলি বহন করে বঙ্গোপসাগরে যাচ্ছে। এই পলি নদীর তলদেশে জমে বদলে দিচ্ছে নদীর গতি-প্রকৃতি। এর প্রভাবে নদী-তীর ভাঙনে প্রতি বছর প্রায় ১০ হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে অনেক শাখা নদী। পানিসম্পদ মন্ত্রী জানান, নদী খনন কার্যক্রম সফল করতে দেশীয় ও আন্তর্জাতিক পরামর্শকদের মাধ্যমে একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো- ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে দেশের নদ-নদী, উপনদী ও শাখা নদীগুলোর ব্যবস্থাপনাসহ বন্যা ও নদী ভাঙন রোধ, নদীপথ উন্নয়নসহ শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর তীর রক্ষা করা। পাইলট ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক যতি দাস কুণ্ড বলেন, চায়না হারবার পাঁচটি ড্রেজারের মাধ্যমে ইতোমধ্যে খনন শুরু করেছে। সিরাজগঞ্জ থেকে ধলেশ্বরী নদীর মোহনা পর্যন্ত ২০ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটার খনন করবে চায়না হারবার। স্থানীয় প্রতিষ্ঠান এএমএল-এডিএলসহ অন্য দুটি প্রতিষ্ঠান যমুনার নলীনী বাজারের কাছে থেকে বাকি অংশের খনন কাজ করবে। প্রকল্পটির মেয়াদ রয়েছে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত। নানা সমস্যার কারণে এ সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় থাকায় ইতোমধ্যে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে পরিকল্পনা কমিশনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৯২০ ঘ.