আব্দুর রহিম বাদল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
শেরপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকের অভাবে শেরপুরের বেশ কয়েকটি আদালতে স্বাভাবিক নিয়মে মামলা নিস্পত্তি হচ্ছে না। বেড়ে যাচ্ছে মামলার জট।
জেলা জজ গেছেন অবসরোত্তর ছুটিতে। অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিমের পদ রয়েছে শূন্য।
এ চার বিচারকের দায়িত্ব একাই পালন করছেন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র হোড় বলেন, শুধুমাত্র জেলা জজ না থাকার কারণে একজন আসামিকে, আইনতভাবে যার একদিনও হাজতে থাকার প্রয়োজন হতো না, অনির্দিষ্টকালের জন্য হাজতে থাকতে হচ্ছে।
গত ২৪ নভেম্বর শেরপুরে দায়িত্ব পালনরত জেলা জজ অবসরোত্তর ছুটিতে যান এবং এর আগে থেকেই শূন্য রয়েছে অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ প্রথম আদালতের পদ দু’টি।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অরুণ কুমার সিংহ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদালতে দেড় শতাধিক মামলা বিচারাধীন। ছয় মাস ধরে বিচারক না থাকায় বিচারাধীন অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির মামলাগুলো নিষ্পত্তি বিলম্ব হচ্ছে।
অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু বলেন, জেলা জজ আদালতে ১২শ’ ও অতিরিক্ত জেলা জজ আদালতে ৭শ’ মামলা বিচারধীন রয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বুলু বলেন, চারটি আদালতের বিচারক না থাকায় এ এলাকার বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। মামলাগুলোর একটার পর একটা তারিখ পড়ছে, আর মানুষ বিচার না পেয়ে আদালত থেকে ফিরে যাচ্ছে।
এক বিচারপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, তার ভাই নওশের আলী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছে। নওশেরের মতো বেশ ক’জন বিচারপ্রার্থী তাদের বিড়ম্বনার কথা জানান।
সংকট নিরসনে দ্রুত শূন্যপদে বিচারক নিয়োগের আহ্বান জানিয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াতউল্লাহ তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24