২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হবে

দেশের সবচেয়ে পুরনো ঢাকা মেডিকেল কলেজকে সরকার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে পুরনো ঢাকা মেডিকেল কলেজকে সরকার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়িত হলে দেশে চিকিৎসা শাস্ত্রের জন্য সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘বিশ্ববিদ্যালয়ের’ সংখ্যা দুটি হবে। সম্ভাব্য এ সিদ্ধান্তের প্রতিবাদে সবচেয়ে পুরনো এই মেডিকেল কলেজটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন এবং কলেজটির সাবেক ও বর্তমান ছাত্রদের সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে দ্বিমত প্রকাশের মধ্যেই প্রধানমন্ত্রীর ঘোষণা এল। তবে বিভিন্ন ফোরামে সরকারদলীয় চিকিৎসকরা দেশে আরো মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। প্রধানমন্ত্রী বলেন, “সরকার ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।” চলমান আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “কিছু লোক না জেনেই অজ্ঞতার কারণে এ সিদ্ধান্তের প্রতিবাদ করছে। পিজি হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উন্নীত করার সময়েও একই রকম প্রতিবাদ হয়েছিল।” “কিন্তু এ (উন্নীতকরন) কারণে পরবর্তীতে কারো সমস্যা হয়েছে বলে আমি শুনিনি, বরং জনগণ আরো উন্নত চিকিৎসা পাচ্ছে,” বলেন তিনি। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পিজি হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। নতুন চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা না হলেও আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র নেতারা বিভিন্ন সভায় দেশে আরো চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যুক্তি তুলে ধরছেন। তাদের বক্তব্য, দেশে চারটি কৃষি বিশ্ববিদ্যালয় থাকলে একাধিক মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কেন সম্ভব নয়। ২০১১ সালে ঢাকা মেডিকেল কলেজের অনুষ্ঠানে স্বাচিপের নেতাদের আরো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করতে বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মোহাম্মদ তানভির জালাল ব্লগে লিখেছেন, “সরকার যদি ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে, তাহলে দরিদ্র রোগীদের ভোগান্তি হবে। চিকিৎসা খরচ অনেক বেড়ে যাবে, যা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঘটছে।” নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেল কলেজে সরকারদলীয় কিছু চিকিৎসক ‘ভালো’ অবস্থানে রয়েছেন। এই কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মাধ্যমে ওই সব চিকিৎসকদের অবস্থান স্থায়ী হবে। পিজি হাসপাতালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সময়ে এমনটিই হয়েছিল বলে অভিযোগ তাদের। তারা এ পদক্ষেপের পরিবর্তে একক স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের অধীনে মেডিকেল কলেজগুলোর গুণগত মান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। দেশের গ্রামাঞ্চলের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসকদের থাকার অনীহার কারণে চিকিৎসকরা ইতোমধ্যেই বদনাম কুড়িয়েছেন বলে উল্লেখ করেন তারা। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী চিকিৎসকদেরও পুনরায় সতর্ক করে বলেছেন, দায়িত্বে ফাঁকি দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/এমআই/২২১২ ঘ.