২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিঘণ্টায় ট্রেনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

ঢাকার সঙ্গে প্রতিঘণ্টায় ট্রেন যোগাযোগ চালুর দাবিতে নারায়ণগঞ্জ স্টেশনে মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সঙ্গে প্রতিঘণ্টায় ট্রেন যোগাযোগ চালুর দাবিতে নারায়ণগঞ্জ স্টেশনে মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলস্টেশন চত্বরে এ মানববন্ধনে তারা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধি, ডাবল লাইন স্থাপন ও কমিউটার ট্রেন চালুর দাবি জানায়। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমপক্ষে ২-৩ ঘণ্টা বিরতি দিয়ে ট্রেন চলাচল করছে। একটি গোষ্ঠী নারায়ণগঞ্জের পরিবহন খাতকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ ঢাকায় যাতায়াত করে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত সরকারি পরিবহন নেই। ফলে বেসরকারি পরিবহন মালিকরা যাত্রীদের জিম্মি করে বেশি পয়সা আদায় করছে। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবু হাসান টিপু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন। রফিউর রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ঢাকায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের মান উন্নয়নসহ বিভিন্ন দাবিতে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ১১ জানুয়ারি বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে যাত্রী অধিকার ফোরাম মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ পুলিশসহ ২০ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১৭ ঘ.