ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে এক কলেজ ছাত্রীকে ‘পতিতা’ আখ্যায়িত করে জরিমানা করার ঘটনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তলব করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
এতে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি সদর উপজেলার ইউএনও কাউসার নাসরীনকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
একইদিন উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকেও আদালতে তলব করা হয়েছে। ঘটনার শিকার শিক্ষার্থী এবং তার বাবাকেও ওইদিন আদালতে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
এছাড়া কাউসার নাসরীনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, দুই সপ্তাহের মধ্যে নীলফামারীর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং অভিযুক্ত নির্বাহী কর্মকর্তাকে তার জবাব দিতে বলেছে আদালত।
গত সোমবার দৈনিক সংবাদে ‘নীলফামারীতে ভালোবাসা অপরাধ! ইউএনওর রায়ে øাতক ছাত্রী এখন পতিতা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।
প্রতিবেদনে বলা হয়, “প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা এবং নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী গত ১১ জানুয়ারি তার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। তার প্রেমিক সুবোধ চন্দ্র রায় দুবাছুড়ি নিু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।”
“১৩ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরীন পুলিশ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসেন। সেখানে ওই তরুণীকে পতিতা আখ্যা দিয়ে ১০০ টাকা জরিমানা করা হয়।”
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ছাত্রী আত্মহননের সিদ্ধান্ত নেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৪৫০ ঘ.
bdnews24