ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালনের পর তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।
জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যনারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার থেকে এই কর্মসূচি পালন করছেন।
ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহামন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে “আমাদের কর্মবিরতি চলছে। তিন দিন চলবে। দাবি পূরণ হলেই আন্দোলন থেকে সরে দাঁড়াবো আমরা।”
পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম বলেন, ১৭ থেকে ১৯ জানুয়ারি বিদ্যালয় খোলা থাকলেও কোনো ক্লাস-পরীক্ষা হবে না। তবে ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করা হবে।
দাবি আদায়ে আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্র“য়ারি সব সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, আগামী ১৪ মার্চ জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি প্রদান এবং ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার কর্মসূচিও রয়েছে বেসরকারি শিক্ষকদের।
একই দাবিতে রবি ও সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন শিক্ষকরা। দুই দিনের কর্মসূচিতে দেশের ৯৫ শতাংশ বিদ্যালয়ে তালা ঝুলেছে বলে দাবি করেন সামসুল আলম।
তিনি জানান, আগামী বাজেটে শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য অর্থ বরাদ্দ না দেওয়া হলে বাজেট ঘোষণার পরদিন থেকে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।
চাকরি সরকারিকরণের দাবিতে ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে চাকরি সরকারিকরণের দাবিতে এই আন্দোলন চালিয়ে আসছে।
শিক্ষক নেতারা জানান, বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন প্রায় এক লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০৩০ ঘ.
bdnews24