নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নবজাতককে হত্যার অভিযোগে মা ও নানিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক দু’জন হলেন আয়েশা আক্তার (১৯) ও তার মা সামছুন নাহার। তারা ল্যাজারার্স এলাকায় থাকেন।
সোমবার সকালে আয়েশার একটি মেয়ে হয়। দুপুরে মেয়েটিকে হত্যার পর ময়মনসিংহ পট্টি এলাকায় ফেলে দেওয়ার সময় ধরা পড়েন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়েশার বিয়ে হলেও বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। সকালে তার একটি মেয়ে হলে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেয়েটিকে নিজে শ্বসরোধ করে হত্যা করেন।
হত্যার পর নবজাতকের লাশ শীতলক্ষ্যা নদীর ময়মনসিংহ পট্টি এলাকায় ফেলার সময় আশপাশের লোকজন আয়েশা ও তার মা সামছুন নাহারকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ কর্মকর্তা বলেন, নবজাতকে হত্যার দায়ে আয়েশা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এছঅড়া জিজ্ঞাসাবাদের জন্য আয়েশার মা সামছুন নাহারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24